ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বেড়াতে গিয়ে না ফেরার দেশে সায়েম

বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন মীর সায়েম নামে ২১ বছর বয়সী এক তরুণ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় খেলারঘাট থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি আহত হন। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সায়েমের মৃত্যু হয়।


নিহত সায়েম রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের মীর বাগীছা এলাকার মীর বাড়ির এস. এম আবুল কালামের ছেলে। সায়েম তার বাবার সঙ্গে চায়ের দোকানে সময় দিতেন। তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার বন্ধুরা সায়েমকে হত্যা করেছে। তবে সায়েমের পরিবার ও ঘটনার দিন সায়েমের সঙ্গে থাকা বন্ধু, জনপ্রতিনিধিসহ স্থানীয়দের দাবি হত্যা নয়, এটি একটি দুর্ঘটনা। বন্ধুদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন সায়েমের চাচা এস এম ইউসুফ।


ভালো বন্ধুকে হারানোর বেদনার চেয়ে তার পরিবারকে কি সান্ত্বনা দেব সে ভাষা জানা নেই দাবি দুর্ঘটনার দিন সঙ্গে থাকা বন্ধুদের মধ্যে বিপ্লব, শাকিল, সাব্বির হোসেন। রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কদলপুর ইউনিয়নের নাতোয়ান বাগিছা ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। তার নামাজে জানাজায় বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


জানা যায়, গত বৃহস্পতিবার চারটি মোটরসাইকেল যোগে সায়েমসহ তার বন্ধুরা রাউজান উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর কর্ণফুলী নদীর তীরের খেলারঘাটে ঘুরতে যান। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ফেরার সময় তার বন্ধু তাইজানুর রশিদ বিপ্লবের মোটরসাইকেলের পেছনে বসেছিল সায়েম। রাত সাড়ে ৯ টায় সেখান থেকে ফেরার পথে একটি বাক অতিক্রম করে আরেকটি অতিক্রম করার সময় ব্রেক করলেই মোটর সাইকেলটি পড়ে গিয়ে সায়েম ও তার বন্ধু আহত হন। দুজনের মধ্যে সায়েমের অবস্থা ছিল গুরুতর। তার বন্ধুরা সায়েমকে হাসপাতালে নিয়ে যান। ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে যান সায়েম। তার মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, এ ধরনের কোনো সংবাদ পাইনি। বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেনি।


বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে প্রাণ হারিয়েছে এমন শুনেছেন বলে জানিয়েছেন ০২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.শওকত উদ্দিন চৌধুরী।

ads
ads
ads

Our Facebook Page

↑